সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সরকারের অবস্থান জানতে চাইবে এনসিপি: নাহিদ

2 Min Read

সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সরকারের অবস্থান জানতে সংসদেই প্রশ্ন তোলা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (১৪ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়নি। বিষয়টি সংসদ অধিবেশনেই উত্থাপন করা হবে এবং সরকারের বক্তব্যের ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণ করবে বিরোধী দল।

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে তিনি বলেন, এ বিষয়ে সংসদ সদস্যরা আলোচনা করবেন। বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার জন্য ৫০ ঘণ্টা সময় চাওয়া হয়েছে, তবে সেটি এখনো নির্ধারিত হয়নি।

এদিনের বৈঠকে অধ্যাদেশ সম্পর্কেও কিছু আলোচনা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, আগামীকাল রোববারের অধিবেশনে হ্যাঁ-না ভোটের মাধ্যমে অধ্যাদেশটি বিশেষ কমিটিতে পাঠানো হতে পারে।

রাষ্ট্রপতির ভাষণ বয়কটের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় তারা ওয়াকআউটের কারণ তুলে ধরবেন। তার ভাষায়,

আমরা কেন মনে করেছি এই সংসদে রাষ্ট্রপতির ভাষণ অনুচিত—সেটি সংসদেই ব্যাখ্যা করবো।

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে জোটসঙ্গী জামায়াতের আন্দোলনের হুঁশিয়ারি প্রসঙ্গে তিনি বলেন, গণভোটে সংস্কারের পক্ষে রায় আসার পর সংসদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনও আহ্বান করা উচিত ছিল।

নাহিদ ইসলাম বলেন,

সংসদে এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইবো। তাদের বক্তব্যের ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ ঠিক করবো। আমাদের প্রত্যাশা, সংসদ দ্রুতই সংবিধান সংস্কার পরিষদে রূপ নেবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *