অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে জামায়াতের প্রতিনিধি দল

আবিদা সুলতানা, ডেস্ক রিপোর্ট

1 Min Read

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বুধবার (২২ অক্টোবর) বিকেলে সাক্ষাৎ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং রাজনৈতিক সংলাপের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা হতে পারে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন,

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জামায়াতের প্রতিনিধি দল যমুনায় যাচ্ছে। এটি বর্তমান রাজনৈতিক সংলাপের ধারাবাহিক অংশ।

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে। চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এই বৈঠকগুলোর লক্ষ্য হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় ঐকমত্য গড়ে তোলা, যাতে জুলাই সনদের আলোকে একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা যায়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *