নির্বাচনের আগে জামায়াতের জোট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
বুধবার (২১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত আমির বলেন, ৫ আগস্টের পরিবর্তিত বাংলাদেশে সহিহ আকিদা বিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থিদের বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যে হেফাজতে ইসলাম কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যেই মওদুদীবাদী জামায়াতকে বাদ দিয়ে ঐক্য গঠনের আহ্বান জানানো হয়েছে এবং ঈমান-আকিদা উপেক্ষা করে কোনো রাজনৈতিক জোটে না যেতে সতর্ক করা হয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ! মওদুদীবাদী জামায়াতের খপ্পর থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক পথচলা তৈরি করতে পেরেছে। এ জন্য পীর সাহেব চরমোনাইকে বিশেষ মুবারকবাদ জানাই।”
ইসলামি রাজনীতিতে হকপন্থিদের একক ও স্বাধীন পথচলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে হেফাজত আমির বলেন, জামায়াতের সঙ্গে থাকার কারণে দেশে ইসলামপন্থি রাজনীতির বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। পীর সাহেব চরমোনাইয়ের এই সাহসী সিদ্ধান্ত সেই ক্ষতির পথ অনেকটাই বন্ধ করবে বলে তিনি মনে করেন। এজন্য ইসলামী আন্দোলনের নেতৃত্ব ও দলকে বিশেষভাবে মোবারকবাদ জানান তিনি।
হেফাজত আমির আরও বলেন, হেফাজতে ইসলাম বরাবরের মতো আগামী নির্বাচনেও কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেবে না। তিনি আশা প্রকাশ করে বলেন, জনগণ নিরেট ইসলামপন্থি আদর্শে বিশ্বাসীদেরই ভোট দেবেন। একই সঙ্গে তিনি ইসলামের নামে মওদুদিবাদ ও ভ্রান্ত আকিদা লালনকারীদের ভোট না দেওয়ার আহ্বান জানান।
এছাড়া, আগামী নির্বাচনে উলামায়ে দেওবন্দ তথা আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারীরা ঐক্যবদ্ধভাবে পথ চলবেন—এমন আশাবাদও ব্যক্ত করেন হেফাজতে ইসলামের আমির।
