বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) এক সমন্বয় সভায় অংশ নিয়ে বৃহস্পতিবার (২৩শে অক্টোবর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগ একটি ‘অর্গানাইজড ক্রিমিনাল গ্যাং’ বা সংগঠিত অপরাধচক্র। তিনি দাবি করেন, দলটি ‘ডাকাতদের চেয়েও নৃশংস’ আচরণ করেছে দেশের রাজনীতিতে।
সভায় বক্তৃতাকালে আখতার হোসেন বলেন,
লীগ পালিয়ে হুমকি দিচ্ছে, পুনর্বাসিত হওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু গণহত্যা, আয়নাঘর প্রতিষ্ঠা, সেনা ও শাপলা হত্যাকাণ্ডের দায় তাদের এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আওয়ামী লীগের পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ নেই।
তিনি অভিযোগ করেন, দলটি তাদের ফ্যাসিবাদী শাসন কায়েমের জন্য দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল, যা সাধারণ মানুষের রাজনৈতিক স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারকে বাধাগ্রস্ত করেছে।
নতুন প্রজন্মের জন্য ‘সম্প্রীতির বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে আখতার বলেন,
বাগছাস এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমানভাবে কাজ করতে পারবে।
তিনি জানান, সংগঠনের অন্যতম লক্ষ্য হবে বিশ্ববিদ্যালয়গুলোতে ‘গেস্টরুম কালচার’ বন্ধ করা এবং প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা।
দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে হতাশা প্রকাশ করে আখতার বলেন,
সাধারণ মানুষ দুর্নীতিমুক্ত দেশ চায়, কিন্তু রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক কাঠামোতে থাকতে চায় না, জবাবদিহিমূলক রাজনীতি তাদের কাছে অচেনা। তার মতে,
প্রতিটি রাজনৈতিক দলকে দেশের স্বার্থে কাজ করতে বাধ্য করাই হবে ছাত্রদের কাজ।
জুলাই সনদ ইস্যুতে তিনি জানান,
সনদে স্বাক্ষরের পর রাজনৈতিক দলগুলো বিভক্ত হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত সনদের বাস্তবায়নের রূপরেখা পরিষ্কার হবে, ততক্ষণ এনসিপি স্বাক্ষর করবে না।
তিনি আরও দাবি করেন, ঐকমত্য কমিশনে এনসিপি গণতান্ত্রিক প্রস্তাবনা উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যদিও বড় দলগুলোর প্রতিরোধে অনেক উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে।
আখতার হোসেনের বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, তার এই মন্তব্য বর্তমান রাজনৈতিক উত্তাপকে আরও বাড়িয়ে তুলতে পারে।
