একনেকে ২২ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ধরা হলো ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা

ফরহাদ হোসেন, ডেস্ক রিপোর্ট

3 Min Read

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় দেশের বিভিন্ন খাতের ২২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন ৩০ হাজার ৪৮২ কোটি ৪৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ৬৮৯ কোটি ৬১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪ হাজার ২৪৭ কোটি ৫৬ লাখ টাকা।

চলতি ২০২৫–২৬ অর্থবছরে এটি একনেকের সপ্তম সভা। অন্তর্বর্তী সরকারের অধীনে এখন পর্যন্ত মোট ১৮টি একনেক সভা অনুষ্ঠিত হলো।

একনেক সভায় সড়ক, সেতু, পানি সম্পদ, বিদ্যুৎ, স্থানীয় সরকার, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, কৃষি ও সমাজকল্যাণসহ বিভিন্ন খাতের প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে কর্ণফুলি টানেল (আনোয়ারা) থেকে চট্টগ্রাম–কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন, হিলি স্থলবন্দর–ডুগডুগি–ঘোড়াঘাট জাতীয় মহাসড়ক উন্নয়ন এবং ঢাকা (কাঁচপুর)–সিলেট–তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর সংক্রান্ত প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া নারায়ণগঞ্জের আলীগঞ্জ এলাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৮টি ১৫ তলা ভবনে ৬৭২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে। স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা ওয়াসা প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি স্থাপন, সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন প্রকল্পও একনেক সভায় অনুমোদন দেওয়া হয়।

পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে রাঙামাটি পার্বত্য জেলার কর্ণফুলি ও সংযুক্ত নদীসমূহের টেকসই পানি ব্যবস্থাপনা, গঙ্গা–কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন এবং সুরমা–কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন ও বন্যা ব্যবস্থাপনা প্রকল্প অনুমোদন পেয়েছে।

একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উন্নয়ন প্রকল্প, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মোংলা কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট ও সাভারের আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশনের অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

এছাড়া কৃষি, সমাজকল্যাণ ও ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রকল্পের পাশাপাশি ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১০টি সংশোধিত ও নতুন প্রকল্প সম্পর্কেও একনেক সভায় অবহিত করা হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *