জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুনভাবে তাদের আন্তর্জাতিক সেল ঘোষণা করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।
দলীয় সূত্রে জানা যায়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এই আন্তর্জাতিক সেল অনুমোদন দিয়েছেন। দলের পক্ষ থেকে বলা হয়েছে, প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে সংগঠনকে আরও সমন্বিত ও আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় করার লক্ষ্যেই এই সেল গঠন করা হয়েছে।
আন্তর্জাতিক সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া এবং সহ-সম্পাদক হয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ। এছাড়া সদস্য হিসেবে যুক্ত হয়েছেন—আরিফ সোহেল, আবু সাঈদ মোহাম্মদ উদ্দিন (দক্ষিণ এশিয়া), তাহসীন রিয়াজ, নাভিদ নওরোজ শাহ্, তৌহিদ হোসেন মজুমদার, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন ও মাহবুব আলম।
দলটির নেতারা মনে করছেন, আন্তর্জাতিক সেলের মাধ্যমে প্রবাসীদের রাজনৈতিক সম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে এবং দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে তাদের ভূমিকা সুস্পষ্ট হবে। একই সঙ্গে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের কাছে এনসিপির কার্যক্রম তুলে ধরা সহজ হবে।
