কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরসভার মধ্যম পালাকাট এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় অস্ত্র ও গুলি মজুদের অভিযোগে খুরশিদা বেগম (৩৬) নামের এক নারীকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা নুরুল হকের স্ত্রী।
জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, আটক নারী অস্ত্র ও গুলি সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে মজুদ রেখেছিলেন—এমন তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় সন্দেহভাজন ওই নারী কৌশলে পালানোর চেষ্টা করলে নারী পুলিশ সদস্যদের ধাওয়ায় তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী চকরিয়া পৌরসভার পালাকাটা ইমাম উদ্দিন পাড়ায় তার জামাতা বাপ্পীর বসতঘরে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাপ্পীর শয়নকক্ষ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি গুলি উদ্ধার করে পুলিশ। তবে অভিযানের সময় বাপ্পী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক নারীর বিরুদ্ধে অস্ত্র আইনে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ বলছে, চকরিয়ায় অবৈধ অস্ত্রের বিস্তার রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
