ঢাকা ওয়াসার সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী ও হিসাব নিরীক্ষার জন্য চার সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ওয়াসার সচিবের অনুমোদনের ভিত্তিতে এই কমিটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।
সূত্রে জানা গেছে, কমিটি আয়-ব্যয়, মূসক ও আয়কর, স্থায়ী ও চলতি সম্পদ, মালিকানা স্বত্ব, দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি দায়সহ সব ধরনের আর্থিক খাতের লেজারভিত্তিক শিডিউল তৈরি করবে। এর পাশাপাশি সম্পূর্ণ আর্থিক বিবরণীও প্রণয়ন করবে তারা।
গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ)। সদস্য সচিব করা হয়েছে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে। এ ছাড়া কমিটির অন্য দুই সদস্য হিসেবে থাকছেন উপ-হিসাবরক্ষণ কর্মকর্তা ও অর্থ কর্মকর্তা বা সমপর্যায়ের একজন কর্মকর্তা।
ওয়াসার অভ্যন্তরীণ সূত্র বলছে, এই উদ্যোগের মাধ্যমে সংস্থাটির আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
