অক্সিজেন সিলিন্ডারের কৃত্রিম সহায়তা ছাড়াই বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত মানাসলু (২৬,৭৮১ ফুট) জয় করেছেন বাংলাদেশের এভারেস্ট বিজয়ী পর্বতারোহী বাবর আলী। এর মাধ্যমে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে অক্সিজেন ছাড়াই আট হাজার মিটার উচ্চতার শৃঙ্গ স্পর্শের কৃতিত্ব অর্জন করলেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে মানাসলুর চূড়ায় পা রাখেন বাবর আলী। তার সঙ্গে একই অভিযানে সফল হন পর্বতারোহী তানভীর আহমেদ। দুই পর্বতারোহীর যৌথ অভিযানের নাম ছিল ‘মানাসলু অ্যাসেন্ট: ভার্টিক্যাল ডুয়ো’।
এর আগে বাবর আলী সফলভাবে এভারেস্ট, লোৎসে ও অন্নপূর্ণা-১ জয় করেছেন। মানাসলু শৃঙ্গ জয় করার মধ্য দিয়ে তার আট হাজারি শৃঙ্গের সংখ্যা দাঁড়ালো চারটিতে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। পৃথিবীতে মোট ১৪টি আট হাজারি পর্বত রয়েছে, সেগুলো জয় করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন বাবর।
নিজের এই অর্জন প্রসঙ্গে বাবর বলেন,
পৃথিবীতে ১৪টি আট হাজার মিটার বা তার চেয়ে উঁচু পর্বত আছে। ইতোমধ্যে চারটি শৃঙ্গ ছুঁতে পেরেছি। ধীরে ধীরে সবগুলোতে পা রাখাই এখন আমার লক্ষ্য।
মানাসলু অভিযানে বাবর ও তানভীরের পাশে ছিল একাধিক পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। এ সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে একটি মাইলফলক হিসেবে যোগ হলো।
বাবর আলীর এই সাফল্য নতুন প্রজন্মের পর্বতারোহীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে, কারণ অক্সিজেন ছাড়া আট হাজারি জয় করা নিছক দুঃসাহসিকতার নয়, বরং তা এক অনন্য আত্মশক্তি ও প্রস্তুতির প্রতীক।
