বিশ্ববিদ্যালয় শিক্ষকের গাড়িতে ডাকাতি, আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে প্রাইভেটকারে জিম্মি করে টাকা আদায়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাতচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন— পটুয়াখালী সদর উপজেলার উত্তর হাজীখালী এলাকার মৃত আউয়াল হাওলাদারের ছেলে হামিদুল হাওলাদার (৩২) এবং একই উপজেলার নন্দিপাড়া এলাকার রাজীব কাজী (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন সন্ধ্যায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিভাগের বিভাগীয় প্রধান (ডিন) প্রফেসর শহিদুল ইসলাম দুমকি উপজেলার লেবুখালী থেকে ভাড়াকৃত প্রাইভেটকারে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথে ডাকাতচক্র তাকে জিম্মি করে পরিবার থেকে বিকাশের মাধ্যমে ১ লাখ ১৮ হাজার টাকা আদায় করে এবং তার সঙ্গে থাকা আরও ১ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে হাত-পা বেঁধে মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল এলাকায় ফেলে যায় তারা।

এ ঘটনায় ভুক্তভোগী পরদিন রাজৈর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের হাতে গেলে তথ্য-প্রযুক্তির সহায়তায় পটুয়াখালীর কালিকাপুর এলাকা থেকে হামিদুল ও রাজীবকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে চাকু, ছুরি, হাতুড়ি, প্লাস এবং ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার দুজনের বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

তদন্ত কর্মকর্তারা জানান, চক্রটির আরও কয়েকজন সদস্য পলাতক রয়েছে এবং তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *