রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থেই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে যশোর কালেক্টরেট চত্বরে গণভোটের জনসচেতনতামূলক মক ভোটিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন,
আমরা নিরপেক্ষ মানুষ নই। আমি নিজেই গণভোটের পক্ষে। গণভোট মানে নতুন বাংলাদেশ, নতুন ব্যবস্থা এবং সব রাজনৈতিক দলকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা। এর পক্ষে নিরপেক্ষ থাকা সম্ভব নয়।
রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে তিনি বলেন,
রাজনৈতিক দলগুলো তাদের মতো করে প্রচারণা চালাবে। তবে এটি কোনো দলীয় বিষয় নয়। আমরা আশা করবো, রাজনৈতিক দলগুলোও হ্যাঁ ভোটের পক্ষে থাকবে, কারণ এখানেও তাদের স্বার্থ জড়িত।
তিনি আরও বলেন,
যদি তারা গণঅভ্যুত্থানকে সম্মান করে, তরুণদের ত্যাগকে স্বীকৃতি দেয় এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে ধারণ করে, তাহলে অবশ্যই গণভোটের পক্ষে থাকবে।
এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে গণভোটের মক ভোটিং কার্যক্রমের উদ্বোধন করেন উপদেষ্টা শারমীন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিনিয়র নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলমসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে সকালে জেলা প্রশাসকের মিলনায়তনে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা শারমীন বলেন, তিনি দীর্ঘদিন নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন। তার মতে, বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজন একটি বড় চ্যালেঞ্জ।
তিনি নির্বাচন শান্তিপূর্ণ করতে নারী, শিশু ও প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেন।
