সন্দ্বীপে হঠাৎ তিন শতাধিক মহিষের রহস্যময় উপস্থিতি: জনমনে গুঞ্জন

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

2 Min Read

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে হঠাৎ করেই তিন শতাধিক মহিষের রহস্যজনক উপস্থিতি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মহিষগুলো দক্ষিণ সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের কোরাইল্যা খালে একাধিক বল্কহেড (নৌযান) এর মাধ্যমে গভীর রাতে নামিয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েক রাতে একাধিক অচেনা বল্কহেড কোরাইল্যা খালে প্রবেশ করে এবং রাতের আঁধারে বড় আকারের গবাদিপশু নামাতে দেখা যায়। সকালে খালের পাশের বিভিন্ন বাঁকে ও চরের দিকে প্রায় ২৮০-৩০০টি মহিষকে ঘুরে বেড়াতে দেখা যায়। বিষয়টি হঠাৎ করে নজরে আসায় স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি উদ্বেগ ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বেলাল ইনসাইডকে বলেন, “এই এলাকায় আগে এত সংখ্যক মহিষ একসাথে দেখা যায়নি। কারা নিয়ে এসেছে, কেন নিয়ে এসেছে—তা কেউ জানে না। অনেকেই বলছে চুরি হওয়া মহিষ হতে পারে।”

মহিষগুলো কোথা থেকে এসেছে, কার মালিকানায় রয়েছে কিংবা আইনগত অনুমতি নিয়ে এসেছে কিনা—তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ কেউ বলেন,

বিষয়টি সন্দেহজনক এবং পরিবেশ ও নিরাপত্তা উভয়ের জন্যই এটি গুরুত্বের সঙ্গে দেখা দরকার। অন্যদিকে কিছু বাসিন্দা আশঙ্কা করছেন, এসব মহিষ হয়তো চোরাই পথে আনা হয়েছে বা কোনো বড় মাফিয়া চক্রের সম্পৃক্ততা রয়েছে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল আলম চৌধুরী ইনসাইডকে বলেন,

“বিষয়টি আমাদের নজরে এসেছে। খোঁজ-খবর নেওয়া হচ্ছে। প্রয়োজনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

মহিষকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও সন্দেহ বাড়ছে। প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *