শিক্ষা সামগ্রী বিতরণে গিনেস রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

বাংলাদেশে প্রথমবারের মতো শিক্ষা উপকরণ বিতরণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ‘জুলাইয়ের রক্তে লিখি শিক্ষার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা সামগ্রী ডোনেশন ক্যাম্পেইন আয়োজন করছে ‘কাগজবাড়ি’ নামের একটি প্রতিষ্ঠান।

বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ক্যাম্পেইনের আহ্বায়ক ও কাগজবাড়ির পরিচালক জাহিদ আনোয়ার।

তিনি জানান, এই ক্যাম্পেইনের মাধ্যমে এক দিনে ১২ ঘণ্টায় দেশব্যাপী ১৫০০ স্কুলে প্রায় সাড়ে ৪ লাখ ছাত্র-ছাত্রীর হাতে এক মাসের বিনামূল্যে শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়া হবে। এর মোট ওজন হবে প্রায় ৬০ হাজার কেজি।

জাহিদ আনোয়ার বলেন,

জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আত্মত্যাগ জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল একটি অধ্যায়। এই আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এবং নতুন বাংলাদেশকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে যেতে এই উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এই উদ্যোগ কেবল বিশ্ব রেকর্ডের জন্য নয়; এটি দেশের শিক্ষা আন্দোলনকে আরও এগিয়ে নেওয়ার প্রয়াস। সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, করপোরেট গ্রুপ, এনজিও, নাগরিক সমাজ ও বিত্তবানদের সহযোগিতা চাওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ক্যাম্পেইন বাস্তবায়ন কমিটির সদস্য ও সেন্টার ফর গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট-সিজিডি’র নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম এবং গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ওমর ফারুক। উপস্থিত ছিলেন কাগজবাড়ির ব্যবস্থাপনা পরিচালক রেজোয়ান কবির কৌশিক, পরিচালক মো. শাহ আলম, একে সালমানসহ পুরো টিম।

এর আগে ২০২২ সালের ২২ মে ভারতের গুজরাটের ‘গোকুলধাম নার’ এবং যুক্তরাষ্ট্রের ‘হেলপিং হ্যান্ডস ফর হিউম্যানিটি ভার্জিনিয়া’ যৌথভাবে ২৪ ঘণ্টায় ৪ লাখের বেশি নোটবুক বিতরণ করে ৫৬,৫০৫.৪০ কেজি ওজনের রেকর্ড গড়েছিল।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *