ইমপোর্ট পারমিট বন্ধ, আবারও চড়া পেঁয়াজের দাম

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে। ভারত থেকে আমদানি শুরু হলেও আমদানিকারকদের জন্য ইমপোর্ট পারমিট (আইপি) বন্ধ হয়ে যাওয়ায় বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এতে ক্রেতাদের অভিযোগ, পেঁয়াজ এখন তাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট ও কাস্টমস সূত্রে জানা গেছে, সর্বশেষ ২৭ মার্চ ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছিল। এরপর অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে স্থানীয় ফসলের ক্ষতি হলে বাজারে সবজির পাশাপাশি পেঁয়াজের দামও বাড়তে থাকে। সেই সময়ে সাতক্ষীরায় কেজিপ্রতি দাম ৮০ টাকারও বেশি ছুঁয়ে যায়।

অবশেষে সরকারের অনুমতি মেলায় ১৭ আগস্ট থেকে ভোমরা বন্দরে আবারও ভারতীয় পেঁয়াজ আসা শুরু হয়। প্রথমদিনেই ৭টি ট্রাকে মোট ২০২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। এতে ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরলেও খুচরা বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি।

খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হওয়া আমদানিকৃত পেঁয়াজ স্থানীয় বাজারে না এসে সরাসরি রাজধানী ও বড় শহরগুলোতে পাঠানো হচ্ছে। ফলে সাধারণ ভোক্তাদের এখনো ২০ থেকে ৩০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে।

এ অবস্থায় আমদানি প্রক্রিয়া স্বাভাবিক না হলে পেঁয়াজের বাজার স্থিতিশীল হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভোক্তাদের দাবি, সরকার যেন দ্রুত আইপি জটিলতা সমাধান করে বাজারে সরবরাহ বাড়ায়।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *