কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা জুহায়ের আয়মানের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে সমিতিপাড়া সৈকত এলাকা থেকে তার মরদেহ ভেসে আসে বলে নিশ্চিত করেছেন সী সেইফ লাইফগার্ডের সিনিয়রকর্মী মোহাম্মদ ওসমান। পরে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।
আয়মান বগুড়া সদরের কাটনাপাড়ার বাসিন্দা মো. শরিফুল ইসলাম ও মনিরা সুলতানা দম্পতির ছেলে।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে লাবণী পয়েন্টে গোসলে নামেন তিনজন পর্যটক। এসময় হঠাৎ স্রোতে ভেসে যেতে থাকেন তারা। লাইফগার্ড টিমের দ্রুত রেসকিউ বোট পৌঁছে দুইজনকে উদ্ধার করলেও নিখোঁজ হন আয়মান।
ঘটনার পর দমকলকর্মী, বিচকর্মী ও লাইফগার্ড দল রাতভর তল্লাশি চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে সোমবার সকালে সমিতিপাড়া সৈকত থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিম খান বলেন,
এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। পরিবারটি এসএসসি পরীক্ষা শেষে ঘুরতে এসে এমন দুর্ঘটনার শিকার হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম পর্যটকদের সতর্ক করে বলেন,
সৈকতে লাল পতাকা উত্তোলিত স্থানে কখনো গোসলে নামা উচিত নয়। নিরাপদ এলাকা চিহ্নিত করে লাইফগার্ড ও বিচকর্মীরা যেখানে অনুমতি দেন, কেবল সেখানেই নামতে হবে।
কক্সবাজারের পর্যটনকেন্দ্রিক সৈকতে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা পুরো এলাকায় নেমে এনেছে শোকের ছায়া। পরিবার হারালো আপনজনকে, আনন্দযাত্রা পরিণত হলো গভীর বেদনায়। স্থানীয় প্রশাসন ও পর্যটন কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে।
দ্রুত উদ্ধার কার্যক্রম, পর্যটন নিরাপত্তায় নজরদারি এবং সচেতনতার প্রচার না বাড়ালে এমন দুর্ঘটনা আবারও শোকের ছায়া নেমে আনতে পারে অসংখ্য পরিবারের জীবনে।
