বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে আইনি জটিলতায় নতুন মোড় এসেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। তবে তার আগে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো এক চিঠি ঘিরেই শুরু হয় বিতর্ক।
জেলা ও বিভাগীয় পর্যায়ের এডহক কমিটি থেকে নতুন কাউন্সিলর মনোনীত করার অনুরোধ করে ওই চিঠি পাঠান বিসিবি সভাপতি। কিন্তু নির্বাচন সামনে রেখে সভাপতির এ উদ্যোগ প্রশ্নের মুখে পড়ে। কারণ বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির এ ধরনের নির্দেশ দেওয়ার ক্ষমতা নেই। একই সঙ্গে বিদ্যমান নিয়মে নতুন কাউন্সিলর মনোনয়নের সুযোগও নেই।
চিঠিকে অবৈধ ঘোষণা চেয়ে চারজন জেলা ক্রীড়া সংগঠক রিট করেন হাইকোর্টে। প্রাথমিক শুনানির পর হাইকোর্ট সভাপতির চিঠির কার্যকারিতা স্থগিত করে। তবে আদালত জানায়, এতে বিসিবি নির্বাচনের ওপর কোনো প্রভাব পড়বে না।
একই দিনে চেম্বার আদালত হাইকোর্টের সেই আদেশ স্থগিত করে দেয়। অর্থাৎ কার্যত সভাপতির চিঠি আবারও বৈধ হয়ে যায়। এতে নির্বাচন ঘিরে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
বিসিবি নির্বাচনের জন্য কাউন্সিলর তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল ১৭ সেপ্টেম্বর। কিন্তু সভাপতি নিজেই তা দুই দফা পিছিয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত গড়ান। এখন আবার চিঠি বিতর্কে আইনি টানাপোড়েন যোগ হওয়ায় প্রক্রিয়াটি আরও অনিশ্চিত হয়ে পড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু সভাপতি নিজেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাই নির্বাচনী প্রক্রিয়ায় তার এ ধরনের হস্তক্ষেপ প্রশ্নবিদ্ধ। এতে নির্বাচন কমিশনের স্বাধীনতা ও স্বচ্ছতা নিয়েও নতুন করে সন্দেহ তৈরি হয়েছে।
