নেপালে শাসন ব্যবস্থা পরিবর্তনে নেই অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট: সুশীলা কার্কি

আন্তর্জাতিক ডেস্ক

1 Min Read

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ও সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমান সরকারের হাতে শাসন ব্যবস্থা পরিবর্তনের ক্ষমতা নেই। জাতির উদ্দেশে দেয়া প্রথম ভাষণে তিনি জানান, এ ধরনের সিদ্ধান্ত কেবলমাত্র নির্বাচিত পার্লামেন্টই নিতে পারবে—সংবিধান সংশোধনের মাধ্যমে।

তরুণ প্রজন্মের আন্দোলনের পর তাদেরই পছন্দে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসা সুশীলা কার্কি শাসন ব্যবস্থার বিতর্কিত ইস্যুতে অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, জনগণের দাবি ও পরিবর্তনের প্রশ্নে নির্বাচিত প্রতিনিধিদেরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এজন্য তিনি তরুণদের আহ্বান জানান আসন্ন নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার এবং নিজেদের মতামত সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে উপস্থাপন করার।

বর্তমান সংবিধান অনুযায়ী, প্রতিনিধি সভা থেকেই প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে সরাসরি নির্বাহী প্রধান নির্বাচনের জন্য সাংবিধানিক সংশোধন দরকার, যার জন্য দুই-তৃতীয়াংশ ভোটে অনুমোদন প্রয়োজন হবে আগামী মার্চে গঠিত পার্লামেন্ট থেকে।

ভাষণে সুশীলা কার্কি আরও জানান, বিদেশে বসবাসরত নেপালি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নেয়া হচ্ছে। পাশাপাশি দুর্নীতি হ্রাস, সরকারি সেবার সহজলভ্যতা বৃদ্ধি এবং নাগরিক হয়রানি কমাতে বিশেষ ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

তার এই বক্তব্যের মধ্য দিয়েই স্পষ্ট হয়েছে—অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন আয়োজন ও স্থিতিশীলতা রক্ষা, শাসন ব্যবস্থা পরিবর্তনের মতো বড় সিদ্ধান্ত নয়। আর এ কারণেই নেপালের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে আসন্ন নির্বাচনে জনগণের রায়ের ওপর।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *