বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে জমা পড়েছে মোট ৫১টি মনোনয়নপত্র। এর ফলে কয়েকটি ক্যাটাগরিতে প্রার্থীসংখ্যা কম থাকায় কয়েকজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন।
ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ২৫ জন মনোনয়ন সংগ্রহ করলেও জমা পড়েছে মাত্র ১৮টি। এই ক্যাটাগরিতে মোট ১০ জন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে খুলনা বিভাগ থেকে জমা পড়েছে কেবল ২টি মনোনয়ন—আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলি খান। কোনো জটিলতা তৈরি না হলে দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
সিলেট বিভাগ থেকেও জমা পড়েছে মাত্র একটি মনোনয়ন, ফলে রাহাত শামস হচ্ছেন নতুন পরিচালক। একইভাবে বরিশাল বিভাগে একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাখাওয়াত হোসেন। মনোনয়ন বৈধ হলে তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন।
রাজশাহী বিভাগ থেকে জমা পড়েছে ৪টি, রংপুর বিভাগ থেকে ৩টি, চট্টগ্রাম বিভাগ থেকে ৪টি এবং ঢাকা বিভাগ থেকে ৩টি মনোনয়ন। এ ক্যাটাগরিগুলোতে ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা হবে।
ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে জমা পড়েছে সর্বোচ্চ ৩০টি মনোনয়ন। আর ক্যাটাগরি-৩ থেকে জমা পড়েছে ৩টি মনোনয়নপত্র।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামীকাল (২৯ সেপ্টেম্বর) মনোনয়ন যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ৩০ সেপ্টেম্বর আপিল গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। ১ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীর তালিকা।
