মহেশপুরে ৬৫ হাজার টাকায় নবজাতক বিক্রি, ক্লিনিক সিলগালা

সিদ্দিকুর রহমান, ডেস্ক রিপোর্ট

1 Min Read

ঝিনাইদহের মহেশপুরে দারিদ্র্য ও অনটনের চাপে পড়ে এক মা সদ্যজাত সন্তানকে মাত্র ৬৫ হাজার টাকায় বিক্রি করেছেন। এ ঘটনায় উপজেলার নেপা বাজারের পিয়ারলেস প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেছে প্রশাসন।

প্রশাসন জানায়, চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ওই নারীর স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সিজার অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার পর রাতে এক নারী নবজাতকটিকে নিয়ে চলে যান। পরে জানা যায়, শিশুটি কুমিল্লায় বিক্রি হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার অভিযানে গিয়ে হাসপাতালটি সিলগালা করেন এবং মালিক সেলিম রেজা বাবুকে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। এ সময় শিশুবিক্রিতে জড়িত আয়া ইসমতারাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা বলেন, অনুমোদনহীনভাবে ক্লিনিকটি পরিচালনা করা হচ্ছিল। ডিপ্লোমা নার্সের জায়গায় আয়া দিয়ে সিজার করানোসহ নানা অনিয়ম পাওয়া গেছে। নবজাতকের মাকে মহেশপুর সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নবজাতকের মা জানান, স্বামীর মৃত্যুর পর পরিবার ও সমাজের অবহেলায় তিনি চরম সংকটে পড়েন। ঋণ, দারিদ্র্য ও চিকিৎসার খরচ সামলাতে না পেরে সন্তানকে দত্তক দিতে বাধ্য হয়েছেন।

এ ঘটনায় হাসপাতাল মালিক ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *