ঝালকাঠিতে চেক জালিয়াতির অভিযোগে অবসরপ্রাপ্ত এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) রাতে সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ডুমরিয়া গ্রামে নিজ বাড়ি থেকে শুক্লা হাওলাদার (৫০) নামে ওই শিক্ষিকাকে আটক করা হয়। পরদিন শনিবার (১১ই অক্টোবর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্লা হাওলাদার কীর্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং পঙ্কজ মণ্ডলের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে গ্রামের বাইরে অবস্থান করছিলেন। সম্প্রতি ব্যক্তিগত কাজে বাড়িতে ফিরে এলে গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশের একজন কর্মকর্তা জানান, তিন বছর আগে পটুয়াখালী জেলা আদালতে আবু হোসেন নামে এক ব্যক্তি শুক্লা হাওলাদারের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা দায়ের করেন। অভিযোগের পর থেকে তিনি পলাতক ছিলেন। মামলার তদন্ত চলাকালে বারবার তলব করেও তিনি হাজির হননি। শেষ পর্যন্ত গোপন সূত্রে তার অবস্থান নিশ্চিত হয়ে গ্রেফতার করা হয়।
স্থানীয়দের দাবি, শিক্ষকতা জীবনে সততার পরিচয়ে পরিচিত ছিলেন শুক্লা হাওলাদার। তবে অবসরের পর অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এ মামলায় জড়ান তিনি।
অন্যদিকে, আইনজীবীরা বলছেন, চেক জালিয়াতি মামলা প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে।
মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
