অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যদি সরকারের পদ থেকে পদত্যাগ করেন, তাহলে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন তাঁর ভাই ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত “জনতার উঠান বৈঠকে” তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানের আয়োজন করে এনসিপির রামগঞ্জ উপজেলা শাখা।
মাহবুব আলম বলেন,
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এখনো সরকারের দায়িত্বে আছেন। যদি তিনি পদত্যাগ করে এনসিপিতে যোগ দেন, তাহলে রামগঞ্জের মানুষ আশা করছে—তিনি এই আসন থেকেই আগামী নির্বাচনে অংশ নেবেন। তিনি যে উন্নয়নধারা শুরু করেছেন, তার ধারাবাহিকতা বজায় রেখে রামগঞ্জকে প্রত্যাশিত রূপে এগিয়ে নেবেন।
তিনি আরও বলেন, রামগঞ্জের অবকাঠামো, শিক্ষা ও যোগাযোগ খাতে মাহফুজ আলমের উদ্যোগ ইতিমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। তাই জনগণ তাঁকে আগামী সংসদে প্রতিনিধি হিসেবে দেখতে চায়।
কর্মসূচিতে বক্তৃতা দেন স্থানীয় শিক্ষাবিদ ও দলীয় নেতারা, যাদের মধ্যে ছিলেন পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান, রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, এবং এনসিপির সংগঠক মেহেদী হাসান, মাঈন উদ্দিন মাসুদ ও মাসুম বিল্লাহ।
বৈঠক শেষে মাহবুব আলম স্থানীয় বাজারে “নতুন বাংলাদেশের ইশতেহার” এর লিফলেট বিতরণ করেন, যা দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও জনগণের অংশগ্রহণমূলক রাজনীতির বার্তা বহন করে।
