সিঙ্গাপুরে বাংলাদেশি ইসলামি বক্তা আমির হামজাকে আমন্ত্রণ জানানোর দায়ে দেশটির একটি ডরমিটরির পরিচালককে ৭ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা করেছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ৫১ বছর বয়সী আবদুস সাত্তার সিঙ্গাপুরের নাগরিক এবং ল্যান্টানা লজ নামের একটি ডরমিটরির ব্যবস্থাপনা পরিচালক। তিনি আদালতে দুটি ধারায় দোষ স্বীকার করেন— অনুমতি ছাড়া ধর্মীয় সমাবেশ আয়োজন এবং লাইসেন্স ছাড়াই জনবিনোদনমূলক আয়োজনের অপরাধে।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে সাত্তার তার কোম্পানির অধীনে পরিচালিত ডরমিটরিতে বাংলাদেশি বক্তা আমির হামজাকে আমন্ত্রণ জানান। ৯ আগস্ট সিঙ্গাপুরের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমির হামজা বক্তব্য দেন এবং বাংলাদেশি নাগরিক নিয়ামত উল্লাহ ইসলামি সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানটি “সবার জন্য উন্মুক্ত” ঘোষণা করে প্রচার করা হয়েছিল। সরকারি ছুটির দিনে প্রবেশ নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না থাকায় প্রায় ৬০০ বিদেশি শ্রমিক এতে অংশ নেন।
আদালতে উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়, আমির হামজা তার বক্তৃতায় রাজনৈতিক ও ধর্মীয় মতের বিরোধীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেন, যা উপস্থিত শ্রমিকদের মধ্যে চরমপন্থা ও র্যাডিক্যাল মনোভাব ছড়িয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করে।
ঘটনার কয়েক দিন পর একটি বেনামী অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিঙ্গাপুর পুলিশ। ততদিনে বক্তা হামজা ও সংগীতশিল্পী নিয়ামত উল্লাহ দেশ ত্যাগ করেন।
তদন্তে প্রমাণিত হয়, আবদুস সাত্তার বিদেশি বক্তাকে অবৈধভাবে এমন বক্তব্য প্রচারের সুযোগ দিয়েছেন। আদালত এ ঘটনার দায়ে তাকে ৭ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা করে।
সিঙ্গাপুরে ধর্মীয় ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় কর্তৃপক্ষ অত্যন্ত কঠোর নীতিতে চলমান। অনুমতি ছাড়া কোনো জনসমাবেশ বা ধর্মীয় বক্তব্য আয়োজন সেখানে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। এই রায়ের মাধ্যমে দেশটি আবারও স্পষ্ট বার্তা দিয়েছে— বিদেশি বা স্থানীয়, কেউই আইনের ঊর্ধ্বে নয়।
