আওয়ামী লীগের ঝটিকা মিছিল প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন,
আওয়ামী লীগের যে পরিমাণ টাকা বিদেশে প্রচার করেছে, এখন সেই টাকার একটা অংশ ব্যবহার করছে কিছু গোষ্ঠী। তারা সঙ্ঘবদ্ধ হয়ে তিন সেকেন্ডের ভিডিও বানিয়ে নেতাদের খুশি করার চেষ্টা করছে, আর এর বিনিময়ে কিছু টাকা তাদের একাউন্টে যোগ হচ্ছে। আওয়ামী লীগ এভাবে আরও ৫০ বছর মিছিল করলেও কোনো লাভ হবে না।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আয়োজিত এক অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানটি আয়োজন করে জুলাই কন্যা ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য রেজাওয়ানুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম মোহাম্মদ আরিফুর রহমান।
অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন,
জুলাই আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল অসাধারণ। তারা তাদের ভাই, সন্তান ও স্বজনদের রক্ষায় বুক পেতে দিয়েছে। সেই সাহস ও ত্যাগ আজকের তরুণ প্রজন্মের জন্য প্রেরণা হয়ে থাকবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন,
গণভোট ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। তবে একটি বিষয় স্পষ্ট—যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে। এটিকে পেছানোর মতো কোনো শক্তি এখন আর নেই।
প্রেস সচিবের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের অবস্থানকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরেছে।
