যশোরে কৃষি কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

যশোর প্রতিনিধি

2 Min Read

সরকারি দায়িত্ব পালনের সময় উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর সংঘটিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে যশোরে এক বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেন যশোর জেলার বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা, কৃষিবিদ ও বিসিএস (কৃষি) ক্যাডারের সদস্যরা। ঘন্টাব্যাপী কর্মসূচিতে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, দেশের কৃষি উন্নয়নে মাঠপর্যায়ের কর্মকর্তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাদের ওপর এমন নৃশংস হামলা শুধু একজন কর্মকর্তার ওপর আঘাত নয়, বরং রাষ্ট্রের প্রশাসনিক সেবাব্যবস্থার ওপরও চরম আঘাত। তারা আরও বলেন, অফিস কক্ষে কর্তব্যরত অবস্থায় একজন সরকারি কর্মকর্তার ওপর বর্বরোচিত হামলা প্রশাসনের শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয়, তবে দেশব্যাপী কৃষি কর্মকর্তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

মানববন্ধনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা ও কৃষিবিদরা উপস্থিত ছিলেন।
এই ঘটনার পর সাধারণ প্রশাসনিক কর্মকর্তারাও নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন, তারা জানান—এমন হামলা প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করে এবং সরকারি কর্মকর্তাদের মনোবল ভেঙে দেয়।

এই হামলার ঘটনায় স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকারও সমালোচনা করেন অংশগ্রহণকারীরা। তারা আশা প্রকাশ করেন, দ্রুত তদন্তের মাধ্যমে হামলার পেছনের নেপথ্য কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *