নারায়ণগঞ্জে বিশেষ অভিযান: দুই দিনে আওয়ামী লীগের ৫৬ নেতাকর্মী গ্রেফতার

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টানা বিশেষ অভিযানে গত দুই দিনে আওয়ামী লীগের ৫৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর পর্যন্ত সর্বশেষ অভিযানে আরও ২৭ জনকে আটক করা হয়।

জেলা পুলিশের একাধিক সূত্র জানায়, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে জেলার সাতটি থানায় একযোগে অভিযান চালানো হয়। বুধবার (১২ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চলা এ অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ককটেল, পেট্রোল ও বিভিন্ন বিস্ফোরক সামগ্রীও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জের বিভিন্ন সড়ক-মহাসড়কে অন্তত ২৬টি তল্লাশি চৌকি বসানো হয়েছে। নিয়মিত টহল জোরদার করার পাশাপাশি নজরদারিও বাড়ানো হয়েছে, যাতে কোনো ধরনের নাশকতা বা সহিংস পরিস্থিতি সৃষ্টি না হয়।

এর আগে মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত ২৯ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা হয় বেশ কিছু বিস্ফোরক দ্রব্য।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এরপর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলায় আর কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অভিযান চলমান থাকলেও বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সাধারণ পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক ছিল। শহরের প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল কিছুটা কম হলেও মানুষের চলাফেরা ছিল স্বাভাবিক।

প্রশাসনের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *