রাজধানীতে সাম্প্রতিক সহিংসতা ও গণমাধ্যমে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ‘মবোক্রেসি’ কঠোরভাবে দমন করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাষ্ট্র যদি শক্ত অবস্থান না নেয়, তাহলে এমন অরাজক পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর বনানী এলাকায় গণমাধ্যম সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আলোচনায় সাম্প্রতিক সময়ে কয়েকটি গণমাধ্যমে সংঘটিত হামলার প্রসঙ্গ উঠে আসে। এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু গণমাধ্যমকে পরিকল্পিতভাবে টার্গেট করা হয়েছে। হামলাগুলো হঠাৎ নয়, আগে থেকেই প্রস্তুতি ছিল। প্রশ্ন হলো—কেন আগে থেকে সতর্ক হওয়া গেল না, কেন রাষ্ট্র এই পরিস্থিতি ঠেকাতে পারল না।
তার ভাষায়, এ ধরনের মব তৈরি হওয়া সরাসরি সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ। তিনি বলেন,
এই বাংলাদেশে আমরা মবোক্রেসি দেখতে চাই না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে এর দায় সরকারকেই নিতে হবে। কঠোর হস্তে এসব দমন না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
সাংবাদিকদের ভূমিকা নিয়েও বক্তব্য দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সাংবাদিকদের ব্যক্তিগত আদর্শ বা রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, তবে দেশের প্রশ্নে সবাইকে নিরপেক্ষতার বাইরে গিয়ে দেশের পক্ষে দাঁড়াতে হবে। গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি ভবিষ্যৎ রাজনৈতিক প্রক্রিয়া প্রসঙ্গে বলেন, বিএনপি কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে সবার সহযোগিতা প্রত্যাশা করে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চায় দলটি, তবে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ বা বিশৃঙ্খলার কোনো স্থান নেই বলেও তিনি স্পষ্ট করেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের অনেকে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং স্বাধীন সাংবাদিকতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
