গেজেটেড মর্যাদায় প্রাথমিকের ৬৫ হাজার প্রধান শিক্ষক

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

সব প্রশাসনিক ও আইনি জটিলতা পেরিয়ে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজারের বেশি প্রধান শিক্ষককে দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা দেওয়া হয়েছে। তাদের বেতন গ্রেড ১১তম থেকে এক ধাপ বাড়িয়ে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। নতুন গ্রেড অনুযায়ী প্রধান শিক্ষকদের মূল বেতন শুরু হবে ১৬ হাজার টাকা থেকে, যা সর্বোচ্চ ৩৮ হাজার ৬৪০ টাকা পর্যন্ত।

এর আগে প্রধান শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে ছিলেন। সে সময় তাদের মূল বেতন শুরু হতো ১২ হাজার ৫০০ টাকা থেকে, যা সর্বোচ্চ ৩০ হাজার ২৩০ টাকায় পৌঁছাত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতির পর অর্থ বিভাগ ৬৫ হাজার ৫০২ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন গ্রেড উন্নীত করতে সম্মতিজ্ঞাপন জারি করে। পরে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন পাওয়া যায়। সব প্রক্রিয়া শেষ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। ১৫ ডিসেম্বর সই করা প্রজ্ঞাপনটি মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশ করা হয়।

উল্লেখ্য, সর্বোচ্চ আদালতের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডসহ দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দেওয়ার নির্দেশ থাকলেও বিষয়টি দীর্ঘদিন বাস্তবায়ন হয়নি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ২৮ অক্টোবর রিটকারী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড উন্নীত করা হয়। একই সঙ্গে দেশের সব প্রধান শিক্ষকের জন্য বেতন গ্রেড উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়, যার চূড়ান্ত বাস্তবায়ন হলো এবার।

এদিকে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে রয়েছেন। তাদের শুরুর মূল বেতন ১১ হাজার টাকা। সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে বেতন গ্রেড ১১তম করাসহ তিন দফা দাবি জানিয়ে আসছেন।

সরকারি পক্ষ থেকে জানানো হয়েছে, সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১১তম করার প্রস্তাব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জাতীয় বেতন কমিশনে পাঠানো হয়েছে। কমিশনের সুপারিশ পাওয়ার পর অর্থ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *