তারেক রহমানকে বরণ করতে ৫০০ বাসে ঢাকার পথে বগুড়ার নেতাকর্মীরা

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তার নিজ জেলা বগুড়া থেকে রাজধানী ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছেন দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকেই বগুড়াজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার ও ট্রেনযোগে প্রায় এক লাখ নেতাকর্মী ঢাকায় সমবেত হচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

জেলা ও উপজেলা বিএনপি সূত্র জানায়, বগুড়া সদরসহ শিবগঞ্জ, গাবতলী, ধুনট, শেরপুর, সারিয়াকান্দি ও শাজাহানপুর উপজেলা থেকে নেতাকর্মীদের পরিবহনের জন্য প্রায় ৫০০টি বাস প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে সদর উপজেলা থেকেই যাচ্ছে প্রায় ২৫০টি বাস। বাকি ১১টি উপজেলা থেকে প্রতিটি উপজেলা থেকে ২০ থেকে ২৫টি করে মোট আরও ২৫০টি বাস ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছে।

বাসের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে বহু নেতাকর্মী মাইক্রোবাস ও প্রাইভেট কারেও ঢাকার পথে রওনা হয়েছেন। জেলা বিএনপি জানায়, ২৩ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৬টার ট্রেনে হাজারো নেতাকর্মী রাজধানীতে যাচ্ছেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন,

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণতান্ত্রিক আন্দোলনের একটি ঐতিহাসিক অধ্যায়। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৫০০টিরও বেশি বাস বগুড়া থেকে ঢাকায় যাচ্ছে। যেহেতু এটি তার নিজ জেলা, তাই এখানকার নেতাকর্মীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস কাজ করছে। সবাইকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই নেতাকর্মীরা ঢাকায় পৌঁছাবেন।

এদিকে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী ঢাকায় দলীয় কর্মসূচি ও সমাবেশকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বাড়তি প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *