আপসহীন সংগ্রামের প্রতীক, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ঢাবির কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এক শোক বার্তায় গভীর দুঃখ প্রকাশ করেন। শোকবার্তায় তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে বেগম খালেদা জিয়া আজীবন কাজ করে গেছেন। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।
উপাচার্য বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অন্যদিকে এক পৃথক শোক বার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও বেদনা প্রকাশ করেছে। শোকবার্তায় ডাকসু উল্লেখ করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর দেশের এক সংকটময় সময়ে বেগম খালেদা জিয়া দৃঢ় প্রত্যয়ে নেতৃত্বে উঠে আসেন। স্বৈরাচারের দমন-পীড়ন ও রাজনৈতিক প্রতিহিংসার মুখেও তিনি গণতান্ত্রিক আন্দোলনের প্রধান মুখ ও জনগণের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হন।
ডাকসু আরও জানায়, আলেম-ওলামা ও আধিপত্যবাদবিরোধী শক্তির বিরুদ্ধে অপবাদ ও বিভাজনের রাজনীতি যখন চরমে পৌঁছায়, তখন বেগম খালেদা জিয়া সত্য, ন্যায় ও জাতীয় সার্বভৌমত্বের পক্ষে অবিচল অবস্থান নেন। তিনি কখনো বিদেশি চাপ বা তোষামদের কাছে নতি স্বীকার করেননি; বরং বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে দাঁড় করাতে চেয়েছেন।
শোকবার্তায় বলা হয়, স্বৈরতন্ত্র, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর নেতৃত্বে পরিচালিত গণআন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অনন্য অধ্যায়। দীর্ঘ কারাবাস, চিকিৎসা বঞ্চনা ও রাজনৈতিক নিপীড়নের মধ্যেও তিনি অটল বিশ্বাস ও দৃঢ়তা নিয়ে সংগ্রাম চালিয়ে গেছেন। তাঁর জীবন ছিল সংগ্রামের প্রতীক এবং তাঁর মৃত্যু দেশের মানুষের হৃদয়ে গভীর শূন্যতা সৃষ্টি করেছে।
ডাকসু বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে তাঁর পরিবার, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানায় এবং মহান আল্লাহর কাছে তাঁর জান্নাতুল ফেরদাউস নসিব কামনা করে।
উল্লেখ্য, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
