দীপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝুলানো সেই যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি

2 Min Read

ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যার পর গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিবির ইসলাম অনিক (২০) নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, নিহত দীপুর নিথর দেহ গাছে ঝুলিয়েছিলেন অনিকই।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার চেরাগআলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

গ্রেফতার অনিক ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা (মধ্য ভাটিবাড়ি) গ্রামের মো. কালিমুল্লাহর ছেলে। তিনি ভালুকার একটি কারখানায় নিটিং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, গত ১৮ ডিসেম্বর দীপু চন্দ্র দাসকে হত্যার পর রশি দিয়ে গাছে ঝুলিয়ে তার দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় পরদিন নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে ভালুকা থানায় অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

তদন্তের এক পর্যায়ে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায়, সাদা শার্ট পরিহিত এক যুবক দীপুর নিথর দেহ রশি দিয়ে টেনে গাছে তুলছে। প্রযুক্তির সহায়তায় ওই যুবককে শনাক্ত করে পুলিশ, যিনি পরে নিবির ইসলাম অনিক বলে নিশ্চিত হন।

হত্যাকাণ্ডের পর থেকেই অনিক পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের জন্য ময়মনসিংহ ও নেত্রকোনাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। সর্বশেষ ঢাকার বনানী ও গাজীপুরের চেরাগআলী এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, অনিক যে কারখানায় কর্মরত ছিলেন, ঘটনার পর থেকেই তিনি সেখানে অনুপস্থিত ছিলেন। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠান। রিমান্ড শুনানির তারিখ পরে নির্ধারণ করা হবে।

এই ঘটনায় এ পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গ্রেফতার ১৮ জনের মধ্যে ১২ জনকে তিন দিন করে এবং ছয়জনকে দুই দিন করে রিমান্ডে নেওয়া হয়। তাদের মধ্যে পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *