বাংলাদেশে আইপিএলের ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। এতে দেশের মানুষ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন উল্লেখ করে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি নির্দেশনায় সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষর করেন।
এর আগে আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে কোনো আনুষ্ঠানিক কারণ না জানিয়ে বিসিসিআই তাকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। ভারতীয় উগ্রবাদী সংগঠন ও কিছু গোষ্ঠীর চাপের মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
ওইসব গোষ্ঠীর দাবি ছিল, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএলে খেলতে দেওয়া উচিত নয়। এ দাবির সঙ্গে স্টেডিয়াম ভাঙচুরের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে।
এদিকে মোস্তাফিজ ইস্যুর জেরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের চারটি ম্যাচ ভারতের মাটিতে হওয়ার কথা থাকলেও সেগুলো বিকল্প ভেন্যুতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কাছে চিঠি দিয়েছে বিসিবি। ক্রিকেট সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী এক-দুদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
