সিরিয়ায় তিনদিনের সংঘর্ষের পর যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক

1 Min Read

টানা তিনদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর সিরিয়ায় যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আলেপ্পোর কয়েকটি এলাকায় এ যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ)-এর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয় শারা প্রশাসন। সরকার জানায়, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আলেপ্পোর শেখ মাকসুদ, আল-আশরাফিয়েহ ও বনি জায়েদ এলাকায় যুদ্ধবিরতি কার্যকর থাকবে। একই সঙ্গে কুর্দি যোদ্ধাদের এসব এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গেল মঙ্গলবার থেকে চলা সংঘর্ষে সিরীয় বাহিনী ও এসডিএফের মধ্যে অন্তত ২২ জন নিহত হন। সহিংসতায় বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৪৬ হাজার মানুষ। সিরীয় সেনাবাহিনীর দাবি, কুর্দি অধ্যুষিত এলাকা থেকে এসডিএফ হামলা চালাচ্ছিল।

এদিকে সিরিয়ার কুর্দি নেতা মজলুম আবদি অভিযোগ করেছেন, আলেপ্পোর সংঘর্ষ দামেস্কের সঙ্গে সরকারের আলোচনাকে বাধাগ্রস্ত করছে। অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সিরিয়ায় শান্তির পথে সবচেয়ে বড় বাধা হিসেবে এসডিএফকে দায়ী করেন।

সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মুখপাত্র স্টিফেন দুজারিক সব পক্ষকে সংযম দেখানোর পাশাপাশি বেসামরিকদের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *