মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে আহত কক্সবাজারের টেকনাফের ৯ বছরের শিশু হুজাইফা আফনানের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতাল এ স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুটি বর্তমানে আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছে। তার মস্তিষ্কে গুলি বিদ্ধ থাকায় তা এখনো অপসারণ করা সম্ভব হয়নি, যা অবস্থাকে আরও জটিল করে তুলেছে।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শিশুটির অবস্থা ‘ক্রিটিক্যাল’। বিশেষায়িত স্নায়ু চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে দ্রুত ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
হুজাইফা আফনান কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে। রোববার (১১ জানুয়ারি) সকালে দাদার সঙ্গে নাস্তা আনতে যাওয়ার সময় মিয়ানমারের অভ্যন্তরে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ চলাকালে ছোড়া গুলিতে সে গুরুতর আহত হয়।
পরে স্বজনরা তাকে প্রথমে টেকনাফ থেকে চট্টগ্রামে নিয়ে যান। রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হলেও গুলিটি মস্তিষ্কে রয়ে যায়।
বর্তমানে শিশুটির অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ঢাকায় পৌঁছানোর পর তার চিকিৎসা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
