ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের (খ ইউনিট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর এ ইউনিটে পাসের হার মাত্র ৭ দশমিক ২৯ শতাংশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩ হাজার ৬১১ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৫৫৩ জন, অর্থাৎ প্রায় ৯৩ শতাংশ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
ভর্তি পরীক্ষায় শাখাভিত্তিক মেধাতালিকায় মানবিক শাখা থেকে মো. শাহরিয়ার শিমুল, বিজ্ঞান শাখা থেকে রিফাত আল রাফি এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে মো. আবির আহমেদ রোহান প্রথম স্থান অর্জন করেন।
এ বছর খ ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন করেন ১ লাখ ৭ হাজার ৭১২ জন শিক্ষার্থী। শাখাভিত্তিক উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মানবিক শাখা থেকে ৪ হাজার ১০৯ জন, বিজ্ঞান শাখা থেকে ২ হাজার ৯৮১ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৪৬৩ জন রয়েছেন।
এ ছাড়া অনিয়মের অভিযোগে পাঁচজন পরীক্ষার্থীর ফল বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঢাবির প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২৭ জানুয়ারি বিকেল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত অনলাইনে বিস্তারিত ফরম পূরণ ও বিষয় পছন্দক্রম জমা দিতে পারবেন।
