কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
রোববার (২০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেত্রীবৃন্দ গাজীপুরের কালিয়াকৈরে মাদরাসা ছাত্রী ধর্ষণসহ সাম্প্রতিক সময়ের নারী নির্যাতন ও হয়রানির ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা বলেন,
ধর্ষণের ঘটনাকে আড়াল করার জন্য ভিক্টিমকে নানা অপবাদ দেয়া হচ্ছে। কখনো প্রেম-প্রণয়ের অভিযোগ, আবার কখনো পোশাক বা মতাদর্শকে দায়ী করা হচ্ছে— যা মূল অপরাধীকে রক্ষা করার একটি অপচেষ্টা।
তারা আরও অভিযোগ করেন,
অন্তর্বর্তী সরকারের সময় নারীদের নিরাপত্তা নিশ্চিতের যে আশা জাগানো হয়েছিল, তা পূরণ হয়নি। প্রশাসনের গাফিলতি ও পুলিশের নিষ্ক্রিয়তায় ভিক্টিমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।
মানববন্ধনে বক্তারা প্রশ্ন তোলেন—
বিচার না পেয়ে কেন ধর্ষণের শিকার নারীদের আত্মহত্যার পথ বেছে নিতে হয়?
তাদের দাবি, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হোক।
