রাঙ্গামাটিতে চালবোঝাই ট্রাক উল্টে সিএনজি অটোরিকশার যাত্রী নিহত

মাহমুদুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি

1 Min Read

রাঙ্গামাটিতে চালবোঝাই একটি ট্রাক উল্টে সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে শহরের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোমিনা বেগম (৬০)। তিনি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী চালবোঝাই ট্রাকটি শিমুলতলী এলাকার উঁচু রাস্তা বেয়ে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে ট্রাকটি পেছনের দিকে গড়িয়ে এসে দ্রুতগতিতে পিছনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উল্টে পড়ে। এ সময় অটোরিকশার অন্য যাত্রীরা বেরিয়ে আসতে পারলেও মোমিনা বেগম ট্রাকের নিচে চাপা পড়েন।

খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় মোমিনা বেগমকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া ইসলাম জানান, আহত অবস্থায় হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *