ফিল্মি স্টাইলে ভুয়া ডিবি পুলিশকে ধরল আসল ডিবি

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে একজন সেনাবাহিনীর সাবেক সদস্য এবং দুজন পুলিশের সাবেক সদস্য রয়েছেন।

শুক্রবার দুপুরে পদ্মা সেতুর উত্তর টোল প্লাজার সামনে সন্দেহজনকভাবে অবস্থানকালে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ডিবি পুলিশের পরিচয়ে যাত্রী ও যানবাহন থামিয়ে ডাকাতির পরিকল্পনা করছিল।

আটককৃতদের কাছ থেকে চারটি ডিবি পুলিশের পোশাক, একটি হ্যান্ডকাফ, একটি ওয়াকিটকি সেট, ইলেকট্রিক শক দেওয়ার মেশিন, একটি লেজার লাইট এবং তাদের ব্যবহৃত একটি হাইস গাড়ি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার সময় এক্সপ্রেসওয়ের ওই এলাকায় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা ভুয়া পরিচয়ে ডাকাতির পরিকল্পনার বিষয়টি স্বীকার করেছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

এই ঘটনায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হলেও পুলিশের তৎপরতায় বড় ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *