সীমান্তে ৬ বাংলাদেশিকে আটক করে বিএসএফের উপস্থিতিতেই গণপিটুনির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি

2 Min Read

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটকের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সদস্যদের উপস্থিতিতেই স্থানীয়দের দ্বারা তাদের ওপর ব্যাপক গণপিটুনি চালানো হয়েছে—এমন অভিযোগ উঠেছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বর্তমানে আটক ব্যক্তিরা ভারতীয় পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পচাভান্ডার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্ত সূত্র ও স্থানীয় বাসিন্দারা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৬৬-এর ৩ নম্বর উপপিলার সংলগ্ন এলাকা দিয়ে একদল বাংলাদেশি নাগরিক গরু পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে ভারতের ভেতরে প্রবেশ করেন।

পরদিন মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানাধীন বৈরাগিরহাট ও জুগিরডাঙ্গা এলাকার স্থানীয় বাসিন্দারা ওই ছয়জন বাংলাদেশি যুবককে দেখতে পেয়ে ধাওয়া করে আটক করেন। অভিযোগ রয়েছে, এ সময় বিএসএফ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও স্থানীয় গ্রামবাসীরা তাদের ওপর শারীরিক নির্যাতন চালায়।

গণপিটুনির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বিএসএফ সদস্যদের সামনেই স্থানীয় ভারতীয় নাগরিকরা বাংলাদেশি নাগরিকদের মারধর করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি দুই দেশের সীমান্ত এলাকায় আলোচনার জন্ম দেয়।

পরে বিএসএফের ১৫৬ ফালাকাটা ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ওই ছয়জনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। এরপর মাথাভাঙ্গা থানা পুলিশের সহায়তায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে বিএসএফ ও ভারতীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন। চিকিৎসা শেষে আটক ব্যক্তিদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আটক বাংলাদেশি নাগরিকরা হলেন—পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের লিটন মিয়া (৪০), অহেদ আলী (২৮), সার্থক হোসেন (২৫), জোংড়া ইউনিয়নের আশরাফুল ইসলাম (৩০), শ্রীরামপুর ইউনিয়নের মশিউর রহমান (৩০) এবং জসীনুর রহমান (২৮)।

এ বিষয়ে রংপুর ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, ভারতের ভেতরে বাংলাদেশি নাগরিক আটকের বিষয়টি বিজিবি অবগত রয়েছে। এ ঘটনায় বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

বিএসএফের বরাত দিয়ে তিনি জানান, আটক ব্যক্তিরা সম্ভবত গরু পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছিলেন এবং স্থানীয় লোকজন তাদের ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *