চট্টগ্রামের হালিশহরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ হওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহরের একটি বাসায় ভয়াবহ বিস্ফোরণে পুরো ভবন কেঁপে ওঠে। মুহূর্তেই একই পরিবারের ৯ জন দগ্ধ হন। পরে তাদের রাজধানীতে স্থানান্তর করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ঘটনার প্রায় ৩৬ ঘণ্টার ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। বর্তমানে আরও সাতজন ভর্তি রয়েছেন এবং তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দগ্ধদের দেখতে মঙ্গলবার সকালে বার্ন ইনস্টিটিউটে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।
এ সময় তারা সাংবাদিকদের জানান, গ্যাস লিকেজের ঘটনা প্রতিরোধ এবং মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বন্ধে তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ শুরু করা হবে।
এদিকে মঙ্গলবার ভোরে -র দাউদকান্দিতে একইভাবে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের আরও চারজন দগ্ধ হয়েছেন। এছাড়া সোমবার ভোরে রাজধানীর রায়েরবাজার এলাকাতেও একই পরিবারের চারজন দগ্ধ হওয়ার ঘটনা ঘটে।
