জাতীয় কারাগারে বন্দিদের জন্য ঈদ আয়োজন

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল কারাগারে বন্দিদের জন্য নেওয়া হয়েছে বিশেষ আয়োজন। ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ ঢাকা বিভাগের ১৭টি কারাগারে বন্দিদের জন্য থাকছে উন্নতমানের খাবার, উপহার সামগ্রী এবং বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য জবাই করা হয়েছে ৮টি গরু ও ১০টি খাসি। কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান, দুস্থ বন্দিদের মাঝে বিতরণ করা হয়েছে ৬০০টি লুঙ্গি ও ৮৫০টি টি-শার্ট।

ঈদের দিন সকালে বন্দিদের নাশতায় দেওয়া হয় পায়েস ও মুড়ি। দুপুরের আয়োজনে মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, কোমল পানীয়, সালাদ, পান-সুপারি ও মিষ্টান্ন। রাতে মেন্যুতে ছিল ভাত, মাছ ও আলুর দম। বন্দিদের জন্য আয়োজন করা হয়েছে ঈদের জামাত এবং বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এ এম মাসুদ জানান, ঈদের পরদিন বন্দিরা পাবে স্বজনদের আনা বাড়ির রান্না করা খাবার। এছাড়া আরপি গেটে আত্মীয়-স্বজনদের মাঝে উপহার ও সুভিনিয়র বিতরণ করা হয়েছে।

ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির জানান, ঈদের তৃতীয় দিন অনুষ্ঠিত হবে ‘প্রিজন ম্যারাথন ২০২৫’। একই দিনে কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, তার তত্ত্বাবধানে থাকা ১৭টি কারাগারের মধ্যে রয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুরের চারটি কেন্দ্রীয় কারাগার, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর কারাগারে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *