জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), উখিয়া উপজেলার উদ্যোগে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোট’ শীর্ষক গণ আলাপ ও পথসভা আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৩টায় জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া স্টেশনে শুরু হয়ে জনসভায় পরিণত হয়।
এনসিপির জেলা সংগঠক সাঈদ স্বাধীন ও শামীম ফরহাদের সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে কুরআন তেলওয়াত করেন আবদুল মোমেন এবং জাতীয় সংগীত পরিবেশিত হয়। শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আসিফ বাপ্পি।
প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন বলেন,
উখিয়া-টেকনাফ ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। সমুদ্র অর্থনীতি ও পর্যটন খাতকে কাজে লাগিয়ে আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে তরুণরা চাকরির পেছনে নয়, বরং উদ্যোক্তা হয়ে স্বনির্ভর হবে।
তিনি নাফনদী এলাকায় সীমান্ত হত্যা রোধ, রোহিঙ্গা সংকট সমাধান এবং স্থানীয় জেলে, পানচাষী ও লবণচাষীদের ন্যায্য হিস্যার নিশ্চয়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে এনসিপি কক্সবাজারের সংগঠক ও কক্সবাজার সিটি কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক বলেন,
এনসিপি কর্তৃত্ববাদ ও সামন্তবাদী সমাজ কাঠামো ভেঙে কৃষক-শ্রমিক-মজুরসহ প্রান্তিক মানুষের ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়।
প্রধান বক্তা হিসেবে এনসিপির পক্ষ থেকে কক্সবাজার–৪ আসনের সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ হোছাইন বলেন,
জনগণ যদি শাপলাকলিকে ম্যান্ডেট দেয়, তাহলে উখিয়া-টেকনাফে শিক্ষা, জনস্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে যুগোপযোগী রূপান্তর ঘটানো হবে। পাশাপাশি এখানে একটি ‘সীমান্ত বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
জাতীয় ছাত্রশক্তির জেলা সংগঠক আতহার সাকিফ, নারী নেত্রী জিনিয়া শারমিন রিয়া, টেকনাফের এনসিপি সমন্বয়কারী সায়েম সিকদার, উখিয়া সংগঠক আকতার হোছাইন, ছাত্রশক্তি উখিয়া সংগঠক আমিনুর রশিদ রিয়ান, মোহাম্মদ সোহেল প্রমুখ।
বিকাল ৩টা থেকে শুরু হওয়া গণ আলাপ ও পথসভা সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে। জুলাই সনদের ভিত্তিতে আগামী দিনের রাষ্ট্র কাঠামো গড়তে ‘গণভোটে হ্যাঁ ভোট’ দেওয়ার আহ্বান জানান বক্তারা।
