জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা বা গালাগালির জবাবে পাল্টা প্রতিক্রিয়া না দেখিয়ে দোয়ার মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি নেতাকর্মীদের উদ্দেশে এ আহ্বান জানান।
স্ট্যাটাসে জামায়াতের আমির বলেন, জনগণের ভালোবাসা ও সহানুভূতি দেখে অনেকে জামায়াতে ইসলামীকে গালাগালি করছেন। তবে এর জবাবে একইভাবে প্রতিক্রিয়া জানানোর কোনো প্রয়োজন নেই। বরং তাদের জন্য কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করাই হবে সঠিক পথ।
তিনি আরও উল্লেখ করেন, দেশের মানুষ ও সমাজের কল্যাণে কাজ করার দায়িত্ব জামায়াতের ওপর রয়েছে। এই দায়িত্বকে আমানত হিসেবে মনে করে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন,
ফয়সালা মহান স্রষ্টার হাতে। আল্লাহর ওপর ভরসা ও ধৈর্যই আমাদের প্রধান হাতিয়ার হওয়া উচিত। প্রিয় বাংলাদেশকে আল্লাহ যেন সব ধরনের বিপদ থেকে রক্ষা করেন।
তার এই বার্তায় দলের নেতাকর্মীদের মধ্যে ধৈর্য ধারণ ও ইতিবাচক আচরণ বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয়।
