সাবেক এমপি নিজাম হাজারীর বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জশিট

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জশিট জমা দিয়েছে পুলিশ। পলাতক এই সাবেক এমপির বিরুদ্ধে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র নির্ধারিত সময়ে থানায় জমা না দেয়ায় মামলা হয়।

আদালত সূত্র জানিয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত নিজাম হাজারীর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে নির্দেশ দেয়া হয়। কিন্তু নিজাম উদ্দিন হাজারী তার নামে থাকা ৩২ বোর এনপিবি পিস্তল জমা দেননি। এ ঘটনায় ফেনী মডেল থানার এসআই আনোয়ার হোসেন অস্ত্র আইনে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া জানিয়েছেন, গত ৩০ জুন ফেনী সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিজাম হাজারীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। আদালত আগামী ৭ আগস্ট চার্জশিট গ্রহণের শুনানির দিন নির্ধারণ করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে নিজাম হাজারী স্ত্রী-সন্তানসহ আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে ৪ আগস্ট ফেনী শহরের মহিপালে ছাত্র-জনতার বিক্ষোভে গণহত্যার ঘটনায় হত্যা মামলাসহ একাধিক মামলা চলমান রয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *