সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও নাগরিক সমাজের বিশিষ্ট কর্মী এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা মরহুমের দীর্ঘ কর্মময় জীবনে রাষ্ট্র ও জনগণের কল্যাণে তার গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন,
এম হাফিজ উদ্দিন খান ছিলেন একজন সৎ, প্রজ্ঞাবান ও দায়িত্বশীল রাষ্ট্রকর্মী। রাষ্ট্রসেবায় তাঁর নিষ্ঠা ও নৈতিক অবস্থান আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
ড. ইউনূস আরও বলেন, ব্যক্তিগত জীবনেও হাফিজ উদ্দিন খান ছিলেন তার সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু। জীবনের নানা পর্যায়ে তার প্রজ্ঞা, মানবিকতা ও স্পষ্টভাষিতা তাকে সমৃদ্ধ করেছে বলে উল্লেখ করেন তিনি। শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন,
তাঁর মৃত্যুতে আমি একজন বিশ্বস্ত সহকর্মী ও প্রিয় বন্ধুকে হারালাম।
প্রধান উপদেষ্টা প্রত্যাশা প্রকাশ করেন যে, কর্মজীবনে হাফিজ উদ্দিন খানের সততা, নিষ্ঠা ও দক্ষতা এবং পরবর্তীতে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় তার ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
শোকবার্তায় মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা।
উল্লেখ্য, এম হাফিজ উদ্দিন খান গত বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক সচিব ছিলেন। এছাড়া ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় অর্থ ও পরিকল্পনাসহ একাধিক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
