বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন নেতৃত্বে ফিরল কার্যকরী কমিটি, জোর দেওয়া হচ্ছে স্বচ্ছতা ও দায়িত্বশীলতায়

কাজী মাশিয়াত, ডেস্ক রিপোর্ট

1 Min Read

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এক বছরের মেয়াদে সভাপতি হয়েছেন রিফাত রশিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইনামুল হাসান।

বুধবার (২৫ জুন) রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্রসহ নির্বাচিতদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মইনুল ইসলাম এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনথিয়া জাহিন আয়েশা।

প্রথমবারের মতো অনুষ্ঠিত এই কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বে আসা নতুন কমিটিকে বৈধতা দিয়েছেন ২৬ সদস্যের নির্বাহী কমিটির ২৩ জন।

সম্প্রতি সংগঠনটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ায় কার্যনির্বাহী পর্যায়ে শূন্যতা তৈরি হয়েছিল। সেই প্রেক্ষিতেই গঠিত হয় এই নতুন কমিটি।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন, সংগঠনটি তাদের কাছে এক টুকরো ভালোবাসার নাম। তারা দায়িত্ব পালন করবেন সর্বোচ্চ সততা ও দায়বদ্ধতার সঙ্গে। বিতর্কের ঊর্ধ্বে থেকে নেতৃত্ব দেওয়া ও আর্থিক স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন দুজনই।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *