গোপালগঞ্জে এনসিপির মিছিলে হামলার নিন্দা জামায়াতের, আওয়ামী ফ্যাসিবাদের অভিযোগ

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাসী বাহিনী এই হামলা চালিয়েছে।

বিবৃতিতে গোলাম পরওয়ার দাবি করেন, প্রশাসনের সঙ্গে আলোচনা করেই এনসিপি কর্মসূচি আয়োজন করেছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তিনি বলেন,

গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো জেলা নয়। এটি বাংলাদেশেরই অংশ। সরকারকে গোপালগঞ্জসহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে।

জামায়াতের দাবি, হামলার অংশ হিসেবে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের ‘দুর্বৃত্তরা’ ইউএনওর গাড়িসহ আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহনেও হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন জামায়াতের এই নেতা।

বিবৃতিতে আরও বলা হয়,

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে খুনি শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে। কিন্তু দেশ এখনো ফ্যাসিবাদমুক্ত হয়নি। পতিত স্বৈরশাসক শেখ হাসিনা দীর্ঘ সাড়ে ১৫ বছর দেশে ফ্যাসিবাদী শাসন চালিয়েছে। তারা দেশকে আবারো অস্থিতিশীল করার জন্য অপতৎপরতা চালাচ্ছে।

অধ্যাপক পরওয়ার আওয়ামী লীগ সমর্থিত হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে এনসিপির পক্ষ থেকে এ হামলা নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি। তবে রাজনৈতিক অঙ্গনে এ ঘটনার নেপথ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *