জুলাই সনদ খসড়া নিয়ে আপত্তি ও তত্ত্বাবধায়ক সরকার কাঠামো ও সিদ্ধান্ত পদ্ধতি উপেক্ষার অভিযোগে আলোচনার ভিত্তি নিয়েই প্রশ্ন তুলেছে এনসিপি।
জাতীয় ঐকমত্য কমিশনের ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি এখনও পূর্ণাঙ্গ আলোচনার মধ্যে না এনেই হঠাৎ করে ‘জুলাই সনদের’ খসড়া প্রকাশ করায় তীব্র আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনার প্রক্রিয়াকে উপেক্ষা করে এমন খসড়া প্রকাশ দায়িত্বজ্ঞানহীন এবং গ্রহণযোগ্য নয়।
ফরেন সার্ভিস একাডেমিতে আজ মঙ্গলবার (২৯ জুলাই) কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ২১তম দিনের বিরতিতে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন,
আমরা এই খসড়ার তীব্র বিরোধিতা করছি। আলোচনার পদ্ধতি নিয়েই যখন এখনো ঐকমত্য হয়নি, তখন এই খসড়া প্রকাশকে আমরা একরকম অগণতান্ত্রিক আচরণ হিসেবেই দেখছি।
তিনি আরও বলেন,
যেসব বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হয়েছে, তার আইনগত ভিত্তি নির্বাচনের আগেই তৈরি করতে হবে। পরবর্তী নির্বাচন সেই ভিত্তিতেই হতে হবে—এটাই আমাদের অবস্থান।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আলোচনায় ‘র্যাঙ্ক চয়েস’ পদ্ধতি নিয়ে বেশ কিছুদিন ধরে মতবিনিময় হয়েছে বলে জানান তিনি। তার ভাষায়, “আজ একটি প্রস্তাব এসেছে—বিচার বিভাগ থেকে আরও দুই সদস্যকে যুক্ত করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হবে, যারা ভোট দেবেন। এতে আমরা একমত হয়েছি, প্রায় সব রাজনৈতিক দল একমত হলেও বিএনপি ও তাদের কিছু সহযোগী দল এতে একমত হয়নি।”
তবে খসড়া প্রকাশ নিয়ে অসন্তোষ স্পষ্ট করে তিনি বলেন,
এই ধরনের খসড়া তখনই গ্রহণযোগ্য হয়, যখন আলোচনা শেষ হয় এবং প্রক্রিয়া স্বচ্ছ থাকে। মৌলিক সংস্কার ছাড়া যদি এই সনদ শুধু নামেই থেকে যায়, তাহলে ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলার যে দাবি আমরা করে আসছি, তা অর্থহীন হয়ে যাবে। আমাদের দলীয় ফোরামে আলোচনা করে এরপরই আমরা সিদ্ধান্ত নেব, এই খসড়ায় সই করব কি না।
আজকের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, সিপিবি, গণসংহতি আন্দোলনসহ প্রায় ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। আলোচনার সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। সঞ্চালনায় ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। আরও উপস্থিত ছিলেন বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও আইয়ুব মিয়া।
আলোচনার এই পর্যায়ে এসে জুলাই সনদ নিয়ে ভিন্নমত উঠে আসায় রাজনৈতিক সমঝোতার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আবারও ঘনীভূত হলো।
