আরও ১৪ জেলেকে অপহরণ করল আরাকান আর্মি

সিদ্দিকুর রহমান, কক্সবাজার প্রতিনিধি

2 Min Read

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে মাছ ভর্তি ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আরও ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। একের পর এক ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জেলে ও মাঝিমাল্লাদের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে।

রবিবার, ২৪ আগস্ট দুপুরে মাছ ধরে বঙ্গোপসাগর থেকে ফেরার পথে কক্সবাজারের টেকনাফের নাফনদীর নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিটির পরিচালক সাজেদ আহমেদ।

তিনি বলেন, ‘বৈরি আবহাওয়ার কারণে সাগরে মাছ শিকারে যাওয়া কিছু ট্রলার ঘাটে ফিরছিল। এসময় আরাকান আর্মি সদস্যরা আমাদের ঘাটের দুটি ট্রলারসহ ১৪ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে একটি ট্রলারের মালিক টেকনাফের ডেইল পাড়ার ফরিদ আলম ও অপরটির মালিক নাইট্যংপাড়ার ছৈয়দ আলম।’

এর আগে শনিবার, ২৩ আগস্ট দুপুরে টেকনাফ ফেরার পথে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ১২ জেলেসহ একটি নৌকা নিয়ে যায় আরাকান আর্মি। তারও আগে ১২ আগস্ট ট্রলারসহ ৫ জেলে এবং ৫ আগস্ট বিহিঙ্গি জাল ও নৌকাসহ ২ জেলেকে ধরে নিয়ে যায়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘দুটি ট্রলারসহ ১৪ জেলেকে নিয়ে যাওয়ার খবর শুনেছি। বিষয়টি খতিয়ে দেখছি। এর আগে ধরে নিয়ে যাওয়াদের বিষয়ে প্রশাসন কাজ করছে।’

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ২৩৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে এবং ২৭টি ট্রলার ও নৌকা ফেরত আনা হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *