মিয়ানমারের রাখাইন রাজ্যের বড় একটি অংশ এখন বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এ কারণে সরাসরি বাংলাদেশের সীমান্ত ঘেঁষেই তাদের কার্যক্রম জোরদার হয়েছে। এতে সীমান্ত এলাকায় নিরাপত্তা ঝুঁকি এবং অপরাধমূলক তৎপরতা বেড়ে যাওয়ায় চাপে পড়েছে বাংলাদেশ।
সাম্প্রতিক সময়ে নাফ নদী থেকে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে আরাকান আর্মি। শুধু আগস্ট মাসেই ৬০ জনের বেশি বাংলাদেশি জেলে তাদের হাতে বন্দী হয়েছেন। ট্রলার মালিকদের দাবি, গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত ২৬৭ জন জেলে আটক হওয়ার ঘটনা ঘটেছে, যার মধ্যে বেশিরভাগকে মুক্তিপণের বিনিময়ে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
টেকনাফের স্থানীয় জেলেরা বলছেন, নদীতে এখন নিয়মিত স্পিডবোট টহল দিচ্ছে আরাকান আর্মি। তারা ধাওয়া করে ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। এতে জেলেদের জীবনে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রাখাইনের ভেতরে আগে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ছিল মিয়ানমার সেনাদের হাতে। বর্তমানে সেই নিয়ন্ত্রণ আরাকান আর্মির দখলে গেছে। কক্সবাজার সীমান্ত দিয়ে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস) এবং অস্ত্র পাচারের প্রবণতা বেড়েছে। সম্প্রতি টেকনাফের খরের দ্বীপ এলাকায় অভিযানে বিজিবি বেশ কয়েকটি আধুনিক রাইফেল ও শতাধিক গুলি উদ্ধার করে।
বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, এসব অস্ত্র সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছিল, যা নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার হতে পারত।
সীমান্তের ওপারে বর্তমানে প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে নিরাপত্তা বাহিনী ধারণা করছে। আরাকান আর্মির সহযোগিতায় সীমান্ত দিয়ে ধাপে ধাপে তাদের অনুপ্রবেশ করানোর চেষ্টা চলছে। স্থানীয় সূত্রের দাবি, এর সঙ্গে একটি শক্তিশালী পাচার চক্র জড়িত রয়েছে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বলছেন, রাখাইনে আরাকান আর্মির নির্যাতন বেড়ে যাওয়ায় পালানোর প্রবণতা বাড়ছে। অনেকে টাকা-পয়সা দিয়ে সীমান্ত পার হওয়ার সুযোগ পাচ্ছেন।
বিজিবি ও কোস্টগার্ড সীমান্তজুড়ে টহল বাড়িয়েছে। নাফ নদী ও জলসীমায় জেলেদের গতিবিধি নজরদারিতে রাখা হচ্ছে, যাতে তারা ভুল করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ না করেন। এ ছাড়া মাদক ও অস্ত্রপাচার ঠেকাতে বিজিবিতে নতুন ব্যাটেলিয়ন যোগ করা হয়েছে।
কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশের ভেতরে কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা চালাতে দেওয়া হবে না। সীমান্তে সব ধরনের অপরাধ দমন করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।”
বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর জেনারেল (অব.) মো. শহীদুল হক মনে করেন, মিয়ানমারে চলমান দ্বন্দ্ব আর নির্বাচনকে সামনে রেখে আরাকান আর্মি অর্থ ও অস্ত্র সংকটে পড়েছে। এ কারণেই তারা বাংলাদেশ সীমান্তের কাছে তৎপরতা বাড়িয়েছে এবং অর্থের জন্য অপহরণ, মাদক ও অস্ত্রপাচারের মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
