গাজীপুরের টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে ফারিয়া তাসনিম জ্যোতি (৩২) নামের এক নারীর মৃত্যুর ঘটনায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না—এ মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। নিহত জ্যোতির পরিবারের পক্ষ থেকে দায়ীদের বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবিতে রিট করা হলে মঙ্গলবার হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
আদালত আরও নির্দেশ দিয়েছে, দেশের সব অরক্ষিত ম্যানহোল, ড্রেন ও সুয়ারেজ লাইনের তালিকা তৈরি করে তিন মাসের মধ্যে আদালতে দাখিল করতে। পাশাপাশি এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রিট আবেদনটির পরবর্তী শুনানির জন্য ১৭ ডিসেম্বর তারিখ ধার্য করা হয়েছে।
গত ২৭ জুলাই রাতে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি খোলা নালায় পড়ে নিখোঁজ হন জ্যোতি। দীর্ঘ ৩৭ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে ২৯ জুলাই সকালে শালিকচূড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের কর্মীরা। এই ঘটনায় নগর অবকাঠামোর নিরাপত্তা নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।
এই রুলের মাধ্যমে শহরের অবহেলিত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা এবং নাগরিক নিরাপত্তার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
